নওগাঁয় অবৈধ ইটভাটা নির্মাণের দায়ে এ আর এ ব্রিকস’কে এক লাখ টাকা জরিমানা

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ।

নওগাঁর মান্দা উপজেলায় অনুমোদনহীনভাবে নতুন করে ইটভাটা নির্মাণের কাজ চালু রাখায় একটি ভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মান্দা উপজেলার মৈনম (কানার মোড়) এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ‘মেসার্স এআরএ ব্রিকস’ নামের একটি পুরানো ইটভাটা ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ চালু রাখা হয়। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি মামলা দায়েরের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।

অভিযানে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নিরাপত্তায় নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।