মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নাগরী এলাকার ‘স্বপ্ন কানন রিসোর্টে’ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীসহ সকলকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার জোর আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে তথ্য ও যুক্তিনির্ভর সমালোচনা গণতান্ত্রিক চর্চারই অংশ। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে অশালীন ভাষা ব্যবহার, কাউকে হেয় করা বা ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও যুক্ত করেন, যেকোনো ভুল-ত্রুটি বা মতভিন্নতা তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরা উচিত, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান এবং সমাজে একটি গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি হয়। ব্যক্তিগত কটূক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। তাই দ্বিমত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখতে হবে।
সভায় তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং দলীয় ঐক্য গড়ে তোলার ওপর আলোকপাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় রাজনীতি ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে নিজ নিজ মতামত উপস্থাপন করলে এমপি মিলন তা গুরুত্বসহকারে শোনেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির মাস্টার, আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি,খালেকুজ্জামান বাবলু, সদস্য সচিব, কালীগঞ্জ উপজেলা বিএনপি, মো. সোলেমান আলম, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি আশরাফী হাবিবুল্লাহ খোকা, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, আহ্বায়ক, কালীগঞ্জ পৌর বিএনপি।
এছাড়া সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি দলীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়ে সমাপ্ত হয়।