মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ব্যতিরেকে গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।
অভিযানে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইকবাল সরকার (৩০) এবং আমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৪)।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দোলান বাজারে গরুর মাংসের ব্যবসা পরিচালনা করে আসছিলেন ওই দুই ব্যবসায়ী। অভিযানের সময় আইনভঙ্গের সত্যতা পাওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার মনিটরিং নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।