মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গ্রাম আদালত পরিচালনায় অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে গাজীপুর জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপি (UNDP) ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সহযোগিতায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় এই সম্মাননা প্রদান করা হয়।
চলতি ২০২৬ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালে স্থানীয় সরকার, গাজীপুরের ব্যবস্থাপনায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ জামালপুর ইউনিয়ন পরিষদকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া এবং স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক সনদপত্রের মাধ্যমে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম-এর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউপি চেয়ারম্যান খাইরুল আলম জানান, প্রান্তিক ও সাধারণ মানুষের দ্বারে সহজে, স্বল্প খরচে এবং দ্রুত বিচার সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামীতেও এই সাফল্যের ধারা বজায় রেখে জনগণের সেবায় কাজ করে যাবে জামালপুর ইউনিয়ন পরিষদ।
এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, চেয়ারম্যান খাইরুল আলমের নেতৃত্বে এ ধরনের স্বীকৃতি গ্রাম আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে অনন্য ভূমিকা রাখবে।