নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ী মোড়ে মহাসড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুল ও ফলের বাগান তৈরি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাজীপুর। সংগঠনটির প্রায় ৬০–৭০ জন স্বেচ্ছাসেবীর দিনব্যাপী শ্রমে অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত স্থানটি নতুন রূপ পেয়েছে।
গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত শিববাড়ী মোড়ের মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। বিভিন্ন ধরনের বর্জ্যের পাশাপাশি বড় বড় কংক্রিটের টুকরো পড়ে থাকায় সেখানে সৃষ্টি হয়েছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ।
বিডি ক্লিন গাজীপুরের স্বেচ্ছাসেবীরা সকাল থেকে সেখানে ময়লা-আবর্জনা অপসারণ, কংক্রিটের টুকরো সরানো এবং জায়গাটি পরিষ্কারের কাজ শুরু করেন। দীর্ঘ ১০ ঘণ্টার প্রচেষ্টায় স্থানটি পরিষ্কার করার পর সেখানে ফুল ও ফলের গাছ লাগানো হয়। গাছগুলো সুরক্ষার জন্য বাঁশের খুঁটি ও নেট দিয়ে বেষ্টনীও তৈরি করা হয়।
স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত স্থানটি ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাগানে রূপ নেয়। মহাসড়কের পাশে এমন একটি উদ্যোগ স্থানীয় পরিবেশকে সুন্দর করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি ক্লিন গাজীপুরের স্বেচ্ছাসেবীরা জানান, শুধু ময়লা পরিষ্কার করাই নয়, পরিষ্কার করা স্থানগুলোকে দীর্ঘমেয়াদে সবুজ ও ব্যবহারযোগ্য করে তোলাই তাদের লক্ষ্য। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গাজীপুরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে তারা ধারাবাহিকভাবে কাজ করতে চান।