মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. কে. এম. ফজলুল হক মিলন।
বন্যার্তদের সাহায্যার্থে নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের পুরো সম্মানী ভাতা (বেতন) মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার ঘোষণা দিয়েছেন তিনি। আজ (১২ জুলাই) গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সকলকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখার সময় এমপি ফজলুল হক মিলন উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,—”আসুন, আমরা যে যার অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়াই।” তিনি সভায় উপস্থিত সকলের প্রতি অন্তত এক (০১) দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় দান করার অনুরোধ জানান। তাঁর এই আন্তরিক ও মানবিক আহ্বানে সাড়া দিয়ে সভায় উপস্থিত সকলেই স্বতঃস্ফূর্তভাবে সহমর্মিতা প্রকাশ করেন এবং নিজ নিজ জায়গা থেকে এক দিনের বেতন প্রদানের মাধ্যমে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের সম্মতি জানান। ”বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গাজীপুরের সর্বস্তরের মানুষ যেভাবে এই মানবিক ডাকে সাড়া দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
— এ. কে. এম. ফজলুল হক মিলন, এমপি এই মহৎ উদ্যোগে তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার জন্য সভায় উপস্থিত সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাননীয় সংসদ সদস্য। তাঁর এই যুগোপযোগী ও মানবিক পদক্ষেপকে সুশীল সমাজ এবং সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।