হাসমত আলী, কাশিমপুরঃ
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ভাই-বোনের নেওয়া ঋণের দায় চাপিয়ে এক নারীর নিজস্ব বাড়ি দখলের চেষ্টা, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
অভিযোগকারী মোছা. নাছিমা (২৬), পিতা আব্দুল কাদের, মাতা মোছা. লাইলি বেগম। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাটাজানি এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মোল্লা চক্কর মহানগর স্কুলের পেছনের এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সাত বছর ওমানে প্রবাসজীবন কাটিয়ে প্রায় দুই বছর আগে দেশে ফেরেন। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে বর্তমান ঠিকানায় নিজের নামে পাঁচ শতাংশ জমি ক্রয় করে সেখানে একটি বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তার দাবি, প্রায় এক বছর আগে তার ভাই-বোন অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু নির্ধারিত সময়ে ওই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় একদল ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। যদিও ওই ঋণের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।
নাছিমার অভিযোগ, ঋণের টাকা আদায়ের নামে অভিযুক্তরা তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছে এবং ভাই-বোনের পরিবর্তে তার কাছ থেকেই টাকা আদায়ের চেষ্টা করছে। এমনকি টাকা পরিশোধ না করলে তার নিজের নামে ক্রয়কৃত জমি ও নির্মাণাধীন বাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ জুলাই ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনগত পরামর্শ গ্রহণ করেন। পরে তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নাছিমা বলেন, আমার ভাই-বোন কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে তার দায় আমার নয়। অথচ আমাকে জোর করে সেই টাকা পরিশোধ করতে চাপ দেওয়া হচ্ছে। আমার নিজের কষ্টার্জিত অর্থে কেনা জমি ও বাড়ি দখলের হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার ও পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় সচেতন মহলের মতে, ব্যক্তিগত ঋণ আদায়ের নামে কারও নিজস্ব সম্পত্তি দখলের চেষ্টা, চাঁদাবাজি কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই আইনসম্মত নয়। তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে অবশ্যই আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।