মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের দুই নেতাকে লক্ষ্য করে গুলি ও গুরুতর আহত করার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ০৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির মারাত্মক অস্ত্র ব্যবহার, পূর্বপরিকল্পিতভাবে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা রুজু হয়।
শনিবার (৩০ মে) রাতে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বালীগাঁও এলাকার বাসিন্দা সিদ্দিক (৬৩)। মামলায় এজাহারভুক্ত ৭ জন আসামি হলেন, ১। শরিফুল ইসলাম তুহিন (৩৫), পিতা- করিম মোল্লা (কলাপাটুয়া, জামালপুর ইউনিয়ন) ২। সিফাত মোল্লা (২৭), পিতা- সোহেল মোল্লা (কলাপাটুয়া, জামালপুর ইউনিয়ন) ৩। আবুল হোসেন প্রিন্স (২৬), পিতা- মোশাররফ হোসেন (দক্ষিণ ভাদার্ত্তী, কালীগঞ্জ পৌরসভা) ৪। এসবি হাসিব ভূঁইয়া (২৮), পিতা- ইউসুফ ভূঁইয়া (উত্তর ফুলদী, বক্তারপুর ইউনিয়ন) ৫। এসবি ইমন (২৫), পিতা- বাবুল (দক্ষিণ ভাদার্ত্তী, কালীগঞ্জ পৌরসভা) ৬। মো. জুবায়ের হোসেন (২৬), পিতা- মাসুদ (বড়নগর) ৭। মাহাবুব দেওয়ান (২৯), পিতা- ফজলুল হক (কাপাইস, জামালপুর ইউনিয়ন)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মে রাত আনুমানিক ১০টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসামিরা দলবদ্ধ হয়ে অতর্কিতে হামলা চালায়। তারা ভুক্তভোগীদের এলোপাতাড়ি মারধর করার একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করে। এই হামলায় ছাত্রদল নেতা মিরাজ হাসান রানার বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। অন্য ভুক্তভোগী সিয়ামের বাম পায়ের হাঁটুর উপরে ও নিচে দুটি গুলি লাগে। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ইতিমধ্যেই আসামিদের অবস্থান ও গতিবিধি নজরদারির আওতায় আনা হয়েছে।
থানা সূত্রের বক্তব্য, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে রয়েছে। তবে তাদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের একাধিক টিম কাজ করছে। এছাড়া আসামিরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্ত ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। মামলার ধারা অনুযায়ী (১৪৩, ৩২৩, ৩০৭, ৩২৬, ৫০৬(২) ও ১১৪/৩৪) দাঙ্গার উদ্দেশ্যে দলবদ্ধ হওয়া, মারাত্মক অস্ত্র দিয়ে স্বেচ্ছায় গুরুতর জখম করা এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।