শাহিনুর ইসলাম শাহিনঃ
গাজীপুরের মৌচাক এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন আহত হয়েছেন। আহত ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি। বর্তমানে তিনি গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফরহাদ হোসেন গণমাধ্যমকে অভিযোগ করে জানান, তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সঙ্গে প্রায় শতাধিক কিশোর গ্যাং সদস্য উপস্থিত ছিল। তারা সংঘর্ষে সক্রিয়ভাবে অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
মৌচাক এলাকার যোগিরচালা গ্রামের বাসিন্দারা জানান, হোতা হিসেবে হারুন অর রশিদের নাম উঠে এসেছে। দীর্ঘদিন ধরে এলাকায় তার প্রভাব রয়েছে বলেও দাবি স্থানীয়দের। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।