গাজীপুরে নির্মানাধীন ভবনের কাজে বাধা, ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Spread the love

মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের কাজ করতে গেলে ৫ লক্ষ টাকা
চাঁদা দাবী করে বড় ভাই কামাল এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় একাধিক বিচার-শালিস করেও কোন প্রতিকার পায়নি ছোট ভাই মস্তফা। অবশেষে গাজীপুর আদালতে ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড একুতা এলাকায় পিতার মৃত্যুর পর পৈত্রিক জমিতে মস্তফা ভবনের দ্বিতীয় তলার কাজ শুরু করে। পরে তার বড় ভাই সাঙ্গ-পাঙ্গদের নিয়ে কাজে বাধা দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে ছোট ভাই ন্যায় সংগত প্রতিবাদ করায় কামাল তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে ভবন নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়। শুধু তাই নয় দাবীকৃত টাকা না দিয়ে কাজ শুরু করলে হাত-পা ভেঙ্গে, খুন করে লাশ-গুম করে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে বড় ভাই কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। অবশেষে নিরুপায় হয়ে ব্যবসায়ী মস্তফা বাদী হয়ে বড় ভাই কামাল, হামিদুল ইসলাম ওরফে সুরুজ মিয়া, সাইফুল, সাহেরা বেগম, খায়রুন বেগম, অলিউল্লাহসহ অজ্ঞাত আরো ৬-৭ জনের নাম উল্লেখ করে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২, এ চাঁদা দাবি ও ভূমিদস্যুতার অভিযোগ এনে ২৩৪/২০২৬ সি আর মামলা দায়ের করেন। অপর দিকে একই ঘটনাকে কেন্দ্র করে আলফাজ উদ্দিন গংদের বিরুদ্ধে জোরপূর্ব জমি জবর-দখলের পায়তারা অভিযোগে কালাচান মিয়া বাদী হয়ে গাজীপুর সিনিয়র সহকারী জজ ৫ম আদালতে ২২৪/২০২৫ নং দেওয়ানী মোকাদ্দমা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত অলিউল্লাহ দাবিকৃত চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের জমিতে মোস্তফা বিল্ডিং নির্মাণ করেছে, তাই বাড়ি করতে নিষেধ করেছি।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী মস্তফা বলেন, অনেক কষ্ট পরিশ্রম করে তিন বছর যাবত আমি বিল্ডিংয়ের নির্মাণ কাজ করে আসছি। দ্বিতীয় তলার কলম করে ছাদ করার সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে কামাল ৫ লাখ টাকা দাবী করে। তার দাবীকৃত টাকা না দেয়ায় অলিউল্লাহ গংদের নিয়ে আমার নির্মাণাধীন ভবনের কাজে বাধাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে এবং আমার বাঁশ ঝাড়ের বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যায়। তাদের অত্যাচার অতিষ্ট হয়ে আমার পরিবার, সন্তান নিয়ে পার্শ্ববর্তী পলাশ থানা এলাকায় ভাড়া বাসায় থাকি।

অপর দিকে হুমকি ধামকিসহ জোরপূর্বক জমি জবর দখল করার চেষ্টা কারীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পৃথক একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *