টাঙ্গাইল মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

Spread the love

হাবিবুর রহমান (রিপোর্টার)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিহান সিকদার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিহান সিকদার দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধান ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে গিয়ে ছবি তোলা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা দাবি করেন রিহান। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে হাতেনাতে আটক করেন। ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বৃষ্টির কারণে বাজারের পাকা শেডে মাঝে মাঝে ধান সংরক্ষণ করি। এই সুযোগে রিহান ছবি তুলে ভয় দেখিয়ে টাকা দাবি করতো। ইতোমধ্যে দুই দফায় তাকে প্রায় ১৩ হাজার টাকা দিতে হয়েছে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। রাত পৌনে ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *