গাজীপুরে বাংলাদেশ বৃক্ষরোপণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ বৃক্ষরোপণ ফাউন্ডেশন এর উদ্যোগে এক পবিত্র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকাল ৫টায় এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সমাজসেবক, আলেম-ওলামা, তরুণ স্বেচ্ছাসেবী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিলে রোজার তাৎপর্য, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের ইসলামী গুরুত্ব নিয়ে আলোচনা কর হয়।

বক্তারা বলেন, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং মানবতা ও পরিবেশ রক্ষারও শিক্ষা দেয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ ও সবুজ শস্য উৎপন্ন করেন “(সূরা আল-আনআম: ৯৯)”

হাদিস শরীফেও বৃক্ষরোপণের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যদি কোনো মুসলমান একটি গাছ লাগায় বা বীজ বপন করে, তারপর মানুষ, পাখি বা কোনো প্রাণী তা থেকে খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।”
(সহীহ বুখারী ও মুসলিম)

আরেক হাদিসে নবী করিম বলেন, “কিয়ামত সংঘটিত হতে থাকলেও যদি কারও হাতে একটি চারা গাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে দেয়।”
(মুসনাদ আহমদ)

মাহফিলে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। ইসলামের এই মহান শিক্ষা অনুসরণ করে মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের অংশগ্রহণে সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বাংলাদেশ বৃক্ষরোপণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং ইসলামের মানবকল্যাণমূলক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *