মেজবাহ উদ্দিন, গাজীপুরঃ
গাজীপুর জেলার একটি এলাকায় ১২ ফুট প্রশস্ত সড়কের অংশ দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আরএস (রেকর্ডীয়) মালিক আতাফল জমি বিক্রির সময় ১৪ জন ক্রেতাকে ১২ ফুট রাস্তা উন্মুক্ত রাখার শর্তে প্লট হস্তান্তর করেন।
তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর সালমার কাছ থেকে একটি প্লট ক্রয় করেন। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত ১২ ফুট রাস্তা না মেনে তিনি রাস্তার ভেতর প্রায় ৩ ফুট জায়গা দখল করে ভবন নির্মাণ শুরু করেন। বর্তমানে সেখানে ছয়তলা ভবনের কাজ চলমান রয়েছে। স্থানীয়রা জানান, মমতা সাফারি পার্ক রোড থেকে পালপাড়া মোড় পর্যন্ত এই ১২ ফুট সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ চলাচল করেন। অন্তত তিনটি মহল্লার মানুষের যাতায়াতের জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে আপত্তি জানালেও জাহাঙ্গীর কারও কথা শুনছেন না। তার পক্ষে হাকিম নামে একজন কন্ট্রাক্টর কাজ পরিচালনা করছেন। এছাড়া, পাশের প্লটের মালিক একলাছ উদ্দিনও সড়ক দখলের ঘটনায় বাধা প্রদান করেছেন এবং এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। স্থানীয় বিএনপি নেতা হাবীবুর রহমান হাবীবসহ আরও কয়েকজন এলাকার মানুষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘটনাটি তদন্ত করে জনস্বার্থে ১২ ফুট সড়কটি উন্মুক্ত রাখার কার্যকর পদক্ষেপ নেবে।