কোনাবাড়ী নসের মার্কেটে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Spread the love


জুলফিকার আলী জুয়েলঃ


গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকার নসের মার্কেটের ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


শনিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন গুদামের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পর আগুনের শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী চিৎকার করে সবাইকে সতর্ক করেন এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।


খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুইটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


অগ্নিকাণ্ডে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।


এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামের মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *