নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন অবস্থিত গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজেে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬।
আজ (০৮ ফেব্রুয়ারি) রবিবার সকাল থেকেই বিদ্যালয়ে রঙিন ব্যানার, ফেস্টুন ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শওকত হোসেন সরকার, সভাপতি- গাজীপুর মহানগর বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মেয়র মোঃ মজিবুর রহমান, সদস্য- জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, জনাব মোঃ হাজী আব্দুর রহমান, সভাপতি, পরিচালনা কমিটি, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি তুলে ধরে শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ জহুরুল ইসলাম, অধ্যক্ষ- গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ। তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খেলাধুলায় অংশগ্রহণ করে।
এছাড়াও শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের অংশগ্রহণে মজার মজার খেলা অনুষ্ঠিত হয়। যেসব খেলায় শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কলেজ শাখায় একাদশ বালক ও বালিকা বিভাগে গোলক নিক্ষেপ, চেয়ার মিউজিক ও ভারসাম্য দৌড়সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ডিসপ্লে অনুষ্ঠান। এতে সমবেত শরীরচর্চা, শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও ছন্দবদ্ধ শারীরিক কসরতের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের চমৎকার প্রদর্শন করে। ডিসপ্লে অনুষ্ঠানটি উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দ গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।