রাজশাহী প্রতিনিধিঃ
স্বহধর্মিনীকে খুশি রাখতে গিয়ে বৃদ্ধা মাকে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা-এর ভালুকগাছি ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সুখ চাঁন আলীর তিন পুত্র সন্তান—জাহিদুল, সাহাদুল ও আসাদুল। জীবিত থাকাকালীন বাবার সঙ্গে বড় ছেলে জাহিদুলের পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, মাকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাবা সুখ চাঁন আলী বড় ছেলে জাহিদুলকে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে সুখ চাঁন আলীর মৃত্যুর কিছুদিন পর ছোট ছেলে আসাদুলও বড় ভাইয়ের অনুসরণে বাবার ভিটা ছেড়ে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস শুরু করেন। এমতাবস্থায় বৃদ্ধা ও অসুস্থ মা জননীর দেখভাল ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেন মেজ ছেলে সাহাদুল। মায়ের নির্দেশে তিনি বাবার বসতভিটায় পুরোনো ঘর ভেঙে নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেন। এই বিষয়টি জানতে পেরে বড় ভাই জাহিদুল ও ছোট ভাই আসাদুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগে বলা হয়, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা সাহাদুলের বাড়িতে এসে অতর্কিতভাবে তার ওপর এবং তার স্ত্রী রুনা বেগমের ওপর হামলা চালান। এসময় দুই ভাই মিলে উপর্যুপরি মারধর করে সাহাদুল ও তার স্ত্রীকে গুরুতর আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগীদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে গুরুতর আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সাহাদুল ও তার স্ত্রী রুনা বেগম চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার দিনই আহত রুনা বেগম নিজে বাদী হয়ে তার ভাশুর ও দেবরসহ মোট পাঁচজনকে আসামি করে পুঠিয়া থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।