মোঃ জাহাঙ্গীর আলম রাজুঃ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে দেউলিয়াবাড়ি এলাকার আরিফ মুন্সির একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও অন্তত ১০টি ঝুট গোডাউন আগুনের কবলে পড়ে। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ গার্মেন্টসের বড় টুকরা ও ছোট ছোট কাপড়ের ঝুট পণ্য মজুদ থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর তদন্ত করে আগুনের কারণ নির্ধারণ করা হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।