হাবিবুর রহমান (রিপোর্টার)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতরাতে সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি দুর্ঘটনায় পড়লে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কদিম ধল্যা এলাকায় ফুলকপি ও আলুর বস্তা মহাসড়কে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে বগুড়া থেকে সবজি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা ট্রাকটি কদিম ধল্যা মহাসড়ক এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এবং ট্রাকে থাকা সবজি সড়কে ছড়িয়ে পড়ে। ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। উপস্থিত সবজি ব্যবসায়ী দৈনিক নতুন ভোরের কন্ঠকে জানান, “আমি বগুড়া থেকে এই সবজিগুলো বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাকে করে ঢাকার দিকে যাচ্ছিলাম। রাত আনুমানিক ১টার দিকে এখানে এসে ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিজেই দুর্ঘটনার শিকার হয় এবং আমার সব সবজি মহাসড়কে ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের সঙ্গে ছড়িয়ে থাকা সবজিগুলো এক জায়গায় জড়ো করে রাখে। পরে ট্রাকটি ও ট্রাকের ভেতরে থাকা আরও কিছু সবজি থানায় নিয়ে যায়। পুলিশ আমাকে জানিয়েছে, ট্রাক নিয়ে গেলে আমার সবজিগুলো ফেরত দেওয়া হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেয়। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সড়কে ছড়িয়ে পড়া সবজির কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে