গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের সঙ্গে গাজীপুর জেলা বারের আইনজীবীদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ৮ নং হলরুমে গাজীপুর-১ আসনের জাতীয়তাবাদী আইনজীবীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় মো. মজিবুর রহমান আইনজীবীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী দল সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। তিনি আগামী দিনে গাজীপুর-১ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় গাজীপুর আইনজীবী সমিতি সভাপতি ড. শহিদুজ্জামান, এডভোকেট জাকির হোসেন, বিএনপি নেতা আ এ ম ইব্রাহিম খলিল, এডভোকেট মোখলেছুর রহমান, এডভোকেট মোস্তফা কামাল, এডভোকেট সিদ্দিকুর রহমান, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজিনা আক্তার বিথী, এডভোকেট আব্দুল খালেক, এডভোকেট জাকিরুল ইসলামসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিএনপিপন্থী আইনজীবীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।