টঙ্গীতে অবৈধ লকডাউনের প্রতিবাদে বিএনপির মোটর শোভাযাত্রা

Spread the love

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত ‘অবৈধ ও একতরফা লকডাউন’-এর প্রতিবাদে মোটর শোভাযাত্রা করেছে বিএনপির সহযোগী সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গী হোন্ডা রোড থেকে শুরু হওয়া শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট, হোসেন মার্কেট ও গাজীপুরা হয়ে পুনরায় টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তারা শ্লোগান দেন আওয়ামী লীগের অবৈধ লকডাউন মানি না, গণতন্ত্র হত্যা বন্ধ কর, দেশ বাঁচাও, জনগণ বাঁচাও। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাশেদুল ইসলাম কিরণ বলেন, শেখ হাসিনা জনগণের তোপের মুখে পালিয়ে গেলেও এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্ট জানাতে চাই— অবৈধ লকডাউনের নামে কোনো সহিংসতা বা দমননীতি জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগের কেউ রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনগণই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেবে। অবৈধ লকডাউনের নামে যদি আর কোনো গাড়িতে আগুন দেওয়া হয়, জনগণও চুপ থাকবে না। দেশের মানুষ এখন চায় পরিবর্তন ও মুক্ত গণতন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *