ইউরোপীয় ব্যবসায়ী প্রতিনিধিদের দৈনিক বাংলা কাগজ কার্যালয় পরিদর্শন
মো আবদুল করিম সোহাগ, ঢাকা
বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ব্যবসায়ী প্রতিনিধি দল রবিবার বিকেল ৫ টায় রাজধানীতে দৈনিক বাংলা কাগজ-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা পত্রিকাটির সম্পাদনা বিভাগ, নিউজরুম ও প্রোডাকশন সেকশন ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
প্রতিনিধি দলে ছিলেন ইতালির ভেনিস শহরের খ্যাতনামা ট্যুরিজম উদ্যোক্তা জেনল্লা ফিওরেজ্জা, সুইজারল্যান্ডে প্রবাসী ব্যবসায়ী শাহরিয়ার চৌধুরী শাহীনের নেতৃত্বে একদল ইউরোপীয় উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
আলোচনায় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলা কাগজ খুব অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থার পত্রিকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখানে সংবাদ প্রকাশে যে নিরপেক্ষতা ও দায়বদ্ধতা লক্ষ্য করা যায়, তা সত্যিই প্রশংসনীয়। তারা আরও উল্লেখ করেন, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের গতি ও বিশ্বস্ততা দুই-ই গুরুত্বপূর্ণ আর এই জায়গায় বাংলা কাগজ অন্যদের থেকে এগিয়ে আছে। দলমত-নির্বিশেষে গণমানুষের কণ্ঠ হিসেবে এ পত্রিকার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।
সাক্ষাৎকালে নির্বাহী সম্পাদক মো. আফজাল হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন,
বাংলা কাগজ শুরু থেকেই ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাসী। আমরা শুধু সমস্যাই নয়, সম্ভাবনার কথাও বলি যাতে দেশ ও সমাজ এগিয়ে যায়।
পরিদর্শন শেষে অতিথিরা বাংলা কাগজের আধুনিক সংবাদপ্রক্রিয়া, ওয়েব ও প্রিন্ট সংস্করণের মান এবং সাংবাদিকদের নিষ্ঠা দেখে মুগ্ধ হন। বিদায়বেলায় তারা পত্রিকাটির নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতার ধারাকে অব্যাহত রাখার প্রত্যাশা জানান এবং ভবিষ্যতে ইউরোপীয় মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।