স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ অক্টোবর) বিকেলে চেরাগআলী এলাকায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আয়োজনে এই ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রভাষক বশির উদ্দিন বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করছে। এ জন্যই প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে দলের আদর্শে সম্পৃক্ত করা হচ্ছে।
এ সময় শতাধিক নতুন সদস্য বিএনপি’র প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। নেতারা জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগণের দল, আর এই সদস্য সংগ্রহ কার্যক্রম প্রমাণ করে যে জনগণ এখন পরিবর্তন চায়।
কর্মসূচি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দেশের কল্যাণ ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা কামনা করা হয়।